ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শৃঙ্খলা বজায় রাখতে ও শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। গত মঙ্গলবার বিকেলে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে ‘নির্বাচন ব্যবস্থাপনা অনুশীলন’ শীর্ষক জাতীয় নির্বাচনের ভোটের মহড়া শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

তিনি জানান, এবারের নির্বাচনে এক লাখ সেনাবাহিনী, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্টগার্ড, নেভি সাড়ে তিন হাজার, এক লাখ ৫০ হাজার পুলিশ, ৩৭ হাজার বিজিবি, নয় হাজার র‌্যাব ও পাঁচ লক্ষাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা, বডি ক্যামেরা, ডগস্কোয়াড, ড্রোন থাকবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনার কোনো কিছুর অভাব নেই। পরিস্থিতি বিবেচনায় যেসব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে- সেখানে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের ভোটকেন্দ্রে না যাওয়ার প্রচারণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বেশিরভাগ নেতা ও কর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে। দেশে তাদের গুটিকয়েক সমর্থক আছে। তিনি বলেন, বিদেশে বসে এ ধরনের প্রচারণায় জনগণের সায় মিলবে না।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ, পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম, রেঞ্জডিআইজি রেজাউল হক উপস্থিত ছিলেন।