মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের পর বর্তমানে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। ঘটনার পর কেন্দ্রে অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে উত্তেজনার জেরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পরপরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কেন্দ্রটিতে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, ছোটখাটো একটি ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অবস্থান করছে। ভোটগ্রহণ চালু আছে।

মুন্সীগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন জোবায়েদ স্থানীয় সাংবাদিকদের জানান, ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত ও নজরদারি অব্যাহত রয়েছে।