লালপুর (নাটোর) সংবাদদাতা: নাটোরের লালপুর উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ফের রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় গত সোমবার শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফারজানা শারমিন পুতুলের সমর্থক এবং স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া বাজার এলাকায় টিপু গ্রুপের নেতাকর্মীরা গণসংযোগ কার্যক্রম চালানোর সময় পুতুল গ্রুপের সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ৫ থেকে ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে বিএনপির অভ্যন্তরীণ এই সংঘর্ষে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দলীয় কোন্দল ও সহিংস রাজনীতি জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।