বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, শিক্ষকদের যতটা এগিয়ে নেওয়া যাবে জাতিও ততটা এগিয়ে যাবে। শিক্ষকদের প্রতি অবহেলা করলে জাতির উন্নতি সম্ভব নয়। তিনি বলেন, কিছু শিক্ষা মানুষকে অজ্ঞতার দিকে ঠেলে দেয়, আর অজ্ঞতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই আমাদের সন্তানদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি।
বৃহস্পতিবার সকাল ১০টা ও বিকাল ৩টায় বাউফল উপজেলা অডিটরিয়ামে আয়োজিত পৃথক দুইটি মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভাগুলোতে বাউফলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যরা অংশ নেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করে বলেন, বর্তমানে কন্যাশিশু ও নারী শিক্ষার্থীদের উপর পাশবিক নির্যাতন এবং সাইবার বুলিংয়ের মতো ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এতে অনেক নারী শিক্ষার্থী ও শিক্ষিকা হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়েছে। যাতে নারী শিক্ষার্থীরা সম্মান ও নিরাপত্তা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারে-সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বাউফলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করে সারা দেশের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়নের দাবির বিষয়ে তিনি বলেন, এসব দাবি নিয়ে সংসদের ভেতরে, রাজপথে এবং আইনগতভাবে কথা বলা হবে। এ সময় তিনি বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নিচু মাঠ রয়েছে। সেগুলো ভরাট করে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে কাজ করা হবে।
তিনি আরও বলেন, “বাউফল আমাদের সবার। কেউ পক্ষে বা বিপক্ষে কাজ করেছে-এই বিভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর বাউফল গড়ে তুলতে হবে। মাদক, চাঁদাবাজি, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ জরুরি।” তিনি বলেন, আল্লাহর দয়া ও মানুষের ভালোবাসা থাকলে কাউকে পরাজিত করা সম্ভব নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাশার তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, অ্যাডভোকেট মমতাজির মুজাহিদ, আতিকুর রহমান নজরুলসহ বিভিন্ন শিক্ষক নেতা। এ সময় বাউফল উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।