বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘‘জনগণেল স্বার্থে নয় ইঞ্জিনিয়ারিং নির্বাচনে ভূমিকা রাখার পুরস্কার হিসেবে দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে’’। তিনি বলেন, তড়িঘড়ি করে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে খুব তাড়াতাড়ি স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে এটা বিশ্বাসযোগ্য নয়। নির্বাচন দেওয়ার মানসিকতা থাকলে আগের প্রশাসকদের সরিয়ে আবার নতুন করে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দেওয়া হতো না। সংসদ নির্বাচনের আগে বিএনপি স্লোগান দিয়েছে সবার আগে বাংলাদেশ। নির্বাচনের পরে তাদের কর্মকাণ্ডে বুঝা যাচ্ছে সবার আগে বাংলাদেশের পরিবর্তে সবার আগে দলীয় স্বার্থ নীতিতে হাঁটছে সরকার। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ-সবাই মিলে বাংলাদেশ‘-স্লোগান বাস্তবায়ন হলে কোনো সরকারকে হেলিকপ্টারে করে পালাতে হবে না। নতুবা আবারও জনরোষনলের মুখে সরকারকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতে পারে।

চাঁদাবাজদের সুরক্ষা দিতে সরকারের পরিবহণ মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ড. মাসুদ বলেন, কোনটা চাঁদা আর কোনটা চাঁদাবাজি এটা আপনাদের বুঝতে সমস্যা হলেও জনগণ ঠিকই বুঝে। চাঁদাবাজদের সুরক্ষা না দিয়ে আইনের আওতায় এনে দেশকে চাঁদাবাজ মুক্ত করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে পারলে জনগণের আস্থা অর্জিত হবে। নতুবা জনবিচ্ছিন্ন হয়ে পড়লে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত থানা সভাপতি ও সাধারণ সম্পাদকদের কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি, জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীলদের আরও জোরালো ভূমিকার আহ্বান জানান।

ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মাহবুবুর রহমান, ওমর ফারুক, জুবায়ের আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন চঞ্চল, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।