গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিএনপি ও শ্রমিকদল সংশ্লিষ্ট দুই নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি মদ, নগদ পাঁচ লাখ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার টেংরা রাস্তার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সন্দেহজনক গতিবিধির কারণে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন— টেংরা এলাকার মুলাইদ গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. জহিরুল ইসলাম পায়েল (৩৮), যিনি তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক; পৌর এলাকার মাওনা ৮ নম্বর ওয়ার্ডের জয়নালের ছেলে মোহাম্মদ রিয়েল হোসেন, তিনি শ্রমিকদল নেতা ও পেশায় ব্যবসায়ী; এবং মাওনা বাজারের চকপাড়া এলাকার মোহাম্মদ রুবেল, পেশায় গাড়িচালক।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে দুই বোতল বিদেশি মদ, নগদ পাঁচ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অর্থ ও সামগ্রীর উৎস এবং সম্ভাব্য নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয়দের মতে, গভীর রাতে এমন অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অপরাধী চক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান বিশেষ অভিযানের মাধ্যমে মাদক, অবৈধ লেনদেন ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। থানার ডিউটি অফিসার এসআই সানজিদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসআই নজরুল ইসলাম বিষয়টি তদন্ত করছেন এবং যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।