মুন্সীগঞ্জ-০১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক একেএম ফখরুদ্দিন রাজী সিরাজদিখান উপজেলার মধ্যপাড়ায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

বুধবার বিকেলে অনুষ্ঠিত এ গণসংযোগ ও পথসভায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এ সময় এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

পথসভায় বক্তব্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক একেএম ফখরুদ্দিন রাজী বলেন,“দেশের জনগণ এখন প্রকৃত পরিবর্তন চায়। চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ১১ দলীয় জোট বদ্ধপরিকর। আমরা ক্ষমতার রাজনীতি নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে চাই।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেলে সিরাজদিখান-শ্রীনগরকে চাঁদামুক্ত ও বৈষম্যহীন এলাকা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

পথসভা শেষে প্রার্থী ও নেতৃবৃন্দ মধ্যপাড়ার বিভিন্ন সড়কে গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

পথসভায় উপস্থিত ছিলেন, এনসিপির মুন্সীগঞ্জ জেলা প্রধান সমন্বয়ক মো. আলী নেওয়াজ, এবি পার্টির মুন্সীগঞ্জ জেলা প্রধান সমন্বয়ক শেখ নুরুজ্জামান উজ্জল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মো. মজিবুর রহমান, মধ্যপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির খান, মো. আলাউদ্দিন তালুকদার (চপল), হাজী মান্নান সরদার, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাবুদ্দিন খান, মো. শাহীন দেওয়ান, মো. আনিছুর রহমানসহ স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।