আজ শুক্রবার কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আমাদের সংবাদদাতাদের প্রেরিত খবর :
কুমিল্লা অফিস : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট প্রার্থীদের পক্ষে প্রচারণা জোরদার করতে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দুই দিনের সফরে কুমিল্লা আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি জেলার গুরুত্বপূর্ণ ৫টি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও কুমিল্লা-৬ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, আমীরে জামায়াত আজ শুক্রবার বিকাল ৪টায় কুমিল্লার-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে লাকসাম স্টেডিয়ামে মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এরপর সন্ধ্যা ৭টায় কুমিল্লা টাউন হল মাঠে জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
পরদিন শনিবার সকাল ৯টায় জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এর নির্বাচনী আসন কুমিল্লা -১১
চৌদ্দগ্রাম পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। একই দিন দুপুর ১২টায় কুমিল্লা-৫ (বুড়িচং) ড.মোবারক হোসেন এর আসনের নিমসার বাজারে এবং বিকাল ২টায় কুমিল্লা-১ (দাউদকান্দি) মনিরুজ্জামান বাহলুল আসনের মডেল মসজিদ মাঠে প্রধান অতিথি বক্তব্য রাখবেন।
জামায়াত সূত্র জানায়, সফরকে ঘিরে জেলার প্রতিটি এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। সমাবেশগুলো সফল করতে দলীয়ভাবে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। এসব সমাবেশে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার জামায়াত মনোনীত প্রার্থী ছাড়াও ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। প্রতিটি সমাবেশে কয়েক লক্ষ নেতা-কর্মীর উপস্থিতি আশা করা হচ্ছে।
এদিকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কুমিল্লায় আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে কুমিল্লা মহানগরী।
বৃহস্পতিবার বিকাল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে স্বাগত মিছিল বের করে।
মিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী আমীর ও কুমিল্লা -৬ আসনের ১১দলীয় জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
স্বাগত মিছিলে অংশ গ্রহন করেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু মাহবুবর রহমান, সহকারি সেক্রেটারী যথাক্রেম কামারুজ্জামান সোহেল,কাউন্সিল মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি হাসান আহম্মেদ, মহানগর জামায়াত নেতা মোহাম্মদ হোসাইন,অধ্যাপক জাকির হোসেন, এজিএস শহিদুল ইসলাম, চৌদ্দগ্রামে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে শনিবার সকালে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে জামায়াত। ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। বৃহস্পতিবার বিকেলে শীর্ষ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজার থেকে শুরু করে সৈয়দপুর রাস্তার মাথায় নির্বাচনী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মোঃ আবদুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত সেক্রেটারি মোঃ বেলাল হোসাইন। এ সময় উপস্থিল ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম পৌর আমীর মাওলানা ইব্রাহিম, ঘোলপাশা ইউনিয়ন সেক্রেটারি আহসান উল্লাহ, জামায়াত নেতা মাওলানা এটিএম খোরশেদ, মাওঃ ফজলুল হক, আশ্রাফুল ইসলাম লিটন, মোহাম্মদ আলী, এনসিপি নেতা হানিফ পাটোয়ারী প্রমুখ।
নোয়াখালী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নোয়াখালীতে আগমন উপলক্ষে নোয়াখালী জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। সংবাদ সম্মেলন শেষে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে মাওলানা বোরহান উদ্দিন বলেন, আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান নোয়াখালীবাসীর উদ্দেশ্যে প্রধান অতিথির ভাষণ দেবেন। আমরা আশা করছি লক্ষাধিক মানুষ এই জনসভায় অংশগ্রহণ করবে৷
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল টিমের সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আলাউদ্দিন, ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি সাইফুর রসুল ফুয়াদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর ছাত্রশিবির সভাপতি হাবিবুর রহমান আরমান, নোয়াখালী শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মায়াজ, গাজীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নোয়াখালী শহর শাখার সাবেক সভাপতি নেয়ামত উল্লাহ শাকের, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, মসওলানা আবু তাহের নোয়াখালী জেলা কর্মপরিষদ সদস্য, ডাঃ বোরহান উদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে নোয়াখালী জেলা জামে মসজিদ মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ফেনী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান আজ শুক্রবার জামায়াত আয়োজিত বিশাল জনসভায় উপস্থিত হয়ে নিউজ কাভার করার জন্য ফেনীর সাংবাদিকদের নিকট উদাত্ত আহ্বান জানান। আমীরে জামায়াত ফেনীর বিভিন্ন সমস্যা নিয়ে; বিশেষ করে ফেনীতে একটি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, নদী ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা, সেনানিবাস স্থাপন, মুছাপুর রেগুলার পুনঃনির্মাণ, সোনাগাজীর অর্থনৈতিক জোন চালু, লালপোলে ফ্লাইওভার নির্মাণ সহ সকল সমস্যার সমাধানে তাঁর উদ্যোগ গ্রহণের দাবি জানাবেন। ফেনী জেলা আমীর নির্বাচনের পূর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সারা দেশে নারীদের প্রতি সহিংসতা,হামলা নাশকতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্বিকার ভাব জনমনে আতংক সৃষ্টি করছে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান আজ সকালে ফেনীর ঐতিহাসিক সরকারী পাইলট হাইস্কুল মাঠে এক বিরাট নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে ফেনীর পুরাতন বিমান বন্দরের হেলিপ্যাডে অবতরণ করবেন। সকাল আটটা থেকে জনসভার কাজ শুরু হবে। সকাল দশটায় আমীরে জামায়াত তার মূল্যবান বক্তব্য রাখবেন। জনসভায় আরো বক্তব্য রাখবেন, সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, ঢাকসু ভিপি সাদিক কায়েম, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, চাকসু ভিপি, ফেনীর তিন আসনের প্রার্থীসহ আরো অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
লক্ষ্মীপুর সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর আগমন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে সাজ-সাজ রব। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। জামায়াতের আমীরের আগমন উপলক্ষে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন জেলা জামায়াতের নেতারা। তাদের প্রত্যাশা, জনসভায় ২ লাখের বেশি মানুষ উপস্থিত হবেন।
জেলা শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ প্রান্তে চলছে জনসভা মঞ্চের সাজসজ্জার কাজ। এই আয়োজনকে সফল করতে স্বেচ্ছাসেবকদের নিয়ে জেলা নেতাদের বৈঠকসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জামায়াতের আমীরের আগমনে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছে জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার সকালে মাঠ পরিদর্শনে এসে জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নজরুল আহমেদ বলেন, জনসভায় সর্বস্তরের মানুষ যেন নির্বিঘেœ আসতে পারেন, এ জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শুক্রবার সকাল থেকেই জনসভায় সমবেত হবেন জামায়াতের নেতা-কর্মী, জনসভায় জামায়াতের আমীর ১১ দলীয় জোটের প্রার্থীদের নিয়ে কথা বলবেন। পাশাপাশি ১১ দলীয় জোটের অন্যান্য নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশ সফল করতে আজ শুক্রবার জনসভায় জামায়াতের আমীর শফিকুর রহমানের সঙ্গে সফরসঙ্গী থাকবেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুউল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি।