‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগানে আগামীকাল শনিবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আগামীকাল শনিবার ২৮ ফেব্রুয়ারি দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কমিটি। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, এবছর বিপ্লব বিকল্প ও বিনির্মাণকে সামনে রেখে তারা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবেন। ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ধানমন্ডির আবাহনী মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান নির্ধারণ করা হয়েছেÑ ‘বিপ্লব, বিকল্প এবং বিনির্মাণ’। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহতরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এছাড়া গত এক বছরের কর্মকা-ের প্রতিবেদন ও চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশব্যাপী বিভাগীয় ইফতার মাহফিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ীÑ ২ মার্চ: চট্টগ্রাম, ৩ মার্চ: কুমিল্লা, ৪ মার্চ: সিলেট, ৫ মার্চ: ময়মনসিংহ, ৬ মার্চ: ঢাকা, ৭ মার্চ: ফরিদপুর, ৮ মার্চ: বরিশাল, ৯ মার্চ: খুলনা, ১০ মার্চ: রাজশাহী, ১১ মার্চ: রংপুর, ১২ মার্চ: ঢাকা মহানগর, ১৩ মার্চ: ঢাকা মহানগর উত্তর, ১৪ মার্চ: ঢাকা মহানগর দক্ষিণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

দলটির প্রত্যাশা যারা ক্ষমতায় গেছেন তারা সংস্কারে উদ্যোগী হবেন। এছাড়া ছাত্র জনতার কাজ শেষ হয়নি বলে মনে করেন দলটির নেতারা। আগামীকাল তারা রাজধানীর আবাহনী মাঠে ইফতার মাহফিল করবে। তাতে জুলাই আন্দোলনে শহীদ পরিবার থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া সব বিভাগীয় শহরে ইফতারের আয়োজন থাকবে বলেও জানানো হয় সাংবাদিক সম্মেলনে।

এক প্রশ্নের জবাবে আরিফুল ইসলাম আদিব জানান, সরকারি দল গণভোট অবহেলা করলে জনগণ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তিনি উদাহরণ টেনে বলেন, আওয়ামী লীগ এক সময় জনগণকে অবহেলা করেছিল। জনগণকে তাদের ফেস করতে হয়েছে। আওয়ামী লীগ তাদের কর্মের ফল ভোগ করেছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, সদস্য সরোয়ার তুষার ও মাহবুব আলমসহ কেন্দ্রীয় নেতারা।