মোংলা (বাগেরহাট) সংবাদদাতা : প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর বাগেরহাট-০৩ (মোংলা–রামপাল) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা দৃশ্যমানভাবে জোরদার হতে শুরু করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রচারণার প্রথম দিনেই সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকেরা ভোটের মাঠে সক্রিয় হয়ে ওঠেন। ভোরের আলো ফোটার আগেই ভোটারদের কাছে পৌঁছাতে প্রার্থীদের ব্যস্ততা লক্ষ্য করা যায়, যা নির্বাচনী পরিবেশে নতুন গতি সঞ্চার করেছে।
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ মোংলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে তার প্রচার কার্যক্রম শুরু করেন। প্রচারণাকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তার কর্মপরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করেন।
অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম দিনের শুরুতে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় দলীয় নেতা-কর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
তবে নির্বাচনী মাঠে প্রথম দিনের প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের কোনো প্রার্থী কিংবা তাদের নেতা-কর্মীদের তৎপরতা চোখে পড়েনি। ফলে প্রচারণার শুরুর দিনে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীদের উপস্থিতি ও কার্যক্রমই তুলনামূলকভাবে বেশি লক্ষণীয় ছিল বলে স্থানীয়দের মন্তব্য।