এমপি নির্বাচিত হলে সেন্টমার্টিনবাসীর জন্য সি-অ্যাম্বুলেন্স ও সি-ট্রাক প্রদান করা হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার–৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী,কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সেন্টমার্টিনে এক নির্বাচনি পথসভায় এই মন্তব্য করেন তিনি।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, আমরা আসব বলে স্পিড বোট বন্ধ করা হয়েছে। ইনশাআল্লাহ, আমি এমপি হলে এই দ্বীপে সেন্টমার্টিনবাসীর জন্য সি-অ্যাম্বুলেন্স ও সি-ট্রাক প্রদান করা হবে।
১২ তারিখের পর থেকে সকল চাঁদা দেওয়া বন্ধ হবে। এই দ্বীপের মানুষের আর কোনো দুঃখ থাকবে না। আমি এই দ্বীপের সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব, ইনশাআল্লাহ।
সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল হোসাইন সিদ্দিকী, টেকনাফ পৌরসভা জামায়াতের সহ-সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র মো. ইসমাইল, সাবেক উপজেলা শিবির সভাপতি সিদ্দিকুর রহমান, মুফতি জয়নাল আবেদীন এবং জামায়াত নেতা আব্দুর রহমান জিহাদী।
এসময় সেন্টমার্টিন ইউনিয়ন জামায়াতের আমির আবিবুর রহমান, ইউনিয়ন যুব বিভাগ ও ইউনিয়ন শিবিরের নেতাকর্মীসহ ইউনিয়ন জামায়াতের অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।