পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ রাত আনুমানিক ৮টা ৪২ মিনিটে কে বা কারা বিদ্যালয়ের নিচতলার একটি কক্ষে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পানি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে রাত সোয়া ৯টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় একটি কক্ষের বেঞ্চ ও টিনের বেড়া পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল হক জানান, কারা বা কী উদ্দেশ্যে আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি আরও বলেন, নিচতলার একটি কক্ষে টায়ার জ্বালিয়ে আগুন ধরানো হয়।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।