উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে কিছু উপদেষ্টা তা স্বীকার করেছে। দেশ আগের মতোই চলুক এজন্য জুলাই আন্দোলন হয়নি। হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, হাত, পা, চোখ হারিয়েছে ইনসাফ ভিত্তিক একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পুর্ণিমাগাতী ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ ইমদাদুল হক শাহারুলের সভাপতিত্বে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, কোন জনপদের মানুষ যদি তাকওয়া অর্জন করে তাহলে আল্লাহ তাআলা সেই এলাকায় রহমত ও বরকতে ভরপুর করে দেন। যারা তাকওয়া অর্জন করবেন আল্লাহ তাআলা তার সকল সমস্যার সমাধান করবেন। কুরআন নাযিলের কারণেই রমজান মাসের অনেক মর্যাদা। এই মাসেই ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। সারা দুনিয়ায় মানুষের জন্য এই কুরআন হল পথ প্রদর্শক। সমাজ, রাস্ট্র, রাজনীতি, অর্থনীতি, পররাস্ট্রনীতি কিভাবে চলবে তার দিকনির্দেশনা পবিত্র আল- কুরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। সমস্ত মানব জাতির হেদায়েতের পথ হলো আল কুরআন। পবিত্র কুরআনের পথে চললেই এই দেশের উন্নতি হবে।

রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি ডা: এনামুল হক সেলিম, সাধারণ সম্পাদক ডা: তরিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মাসুদ রানা।