নির্বাচনে হয়ে যাওয়া সব অনিয়ম তুলে ধরে আজ রোববার নির্বাচন কমিশনে অভিযোগ দেবে ১১ দলীয় নির্বাচনের লিয়াজোঁ কমিটি। গতকাল সন্ধ্যায় এক ব্রিফিংয়ে একথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ। এসময় ১১ দলের লিয়াজোঁ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ড. আজাদ জানান, ১১ দল দেশের সামগ্রিক প্রেক্ষাপটে সংসদের ভেতর এবং বাইরে যখন যে ভূমিকা রাখা উচিত জনস্বার্থে জাতির স্বার্থে একসাথে ভূমিকা রাখবে ১১ দল। তিনি বলেন নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ উঠেছে, ফলাফল কারচুপি করা হয়েছে। সেখানে আমরা আইনি পদক্ষেপ নেবো। কারণ আমাদের কাছে ভোট কারচুপির প্রমাণ রয়েছে।

নির্বাচন কমিশন তড়িগড়ি করে ফল ঘোষণা করে ফেলেছে জানিয়ে হামিদুর রহমান আজাদ বলেন, গেজেট হয়ে গেছে মর্মে অনেক প্রার্থী অধিকার বঞ্চিত হয়েছে। এজন্য আমরা ট্রাইব্যুনালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন জুলাই সনদের ব্যাপারে ৪টি প্রশ্নের ব্যাপারে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। উচ্চ কক্ষে প্রাপ্ত ভোটের ভিত্তিতে একশ’ জন সদস্য ভাগাভাগির ভিত্তিতে আসন পাবে। এখানে কোন কোন দল নোট অব ডিসেন্ট দিয়ে বলেছেন তারা আসন ভিত্তিক তা করবেন। গণভোটে জনগণ তা প্রত্যাখ্যান করে দিয়েছে। সুতরাং গণভোটের ভিত্তিতে ভোটের সংখ্যার ভিত্তিতেই উচ্চকক্ষ গঠিত হবে। এটা নিয়ে ধুম্রজাল সৃষ্টি করার সুযোগ নাই।

তিনি বলেন নির্বাচনের আগে এবং পরে অনেক জায়গাতে সহিংসতা হয়েছে। নারীর ওপর আক্রমণ করা হয়েছে। কুতুবদিয়া মহেশখালীতে তিনজন নারীকে আঘাত করা হয়েছে। এভাবে চলতে থাকলে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে। অথচ আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে সন্ত্রাসহীন দেশ চাই। আমরা বলতে চাই যারা নির্বাচিত হয়েছেন তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে। তা না হলে আমরা রাজনৈতিক কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা কর্মসূচি প্রস্তুত করে রেখেছি। দেশটা আমাদের, দেশ রক্ষা করতে হবে।

ফ্যাসিবাদীদের পুনর্বাসন করার চেষ্টা চলছে। পঞ্চগড়ে বিএনপি নেতা আওয়ামী লীগ অফিস খুলে দেওয়ার অভিযোগ উঠেছে। তারা ফ্যাসিবাদের সাথে আতাঁত করেছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।