গভীর রাতেও ঈদ উপহার নিয়ে ছিন্নমূলবাসীর ধারে-ধারে ছুঁটে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ। বুধবার রাতে রাজধানীর পল্টন-শাহবাগ এলাকায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মানবতার সেবক এডভোকেট ড. হেলাল উদ্দিন ফুটপাতে, রাস্তার ধারে বসবাসরত ছিন্নমূলের লোকজনের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ি, লুঙ্গি-পাঞ্জাবি বিতরণ করেন। এসময় ড. হেলাল উদ্দিন বলেন, রাষ্ট্রী অব্যবস্থাপনা, দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব, ক্ষমতাসীনদের দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্বের কারণে রাষ্ট্র ও সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের কোনো নাগরিক রাস্তার ধারে ফুটপাতে থাকতে হবে। প্রতিটি মানুষের দায়িত্ব রাষ্ট্র পালন করবে এবং মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে। তাই ইসলামী সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি ঢাকাবাসীকে আহ্বান জানান।
এদিকে, ঢাকা-৪ সংসদীয় এলাকায় বুধবার রাতে ছিন্নমূল, অসহায়, দরিদ্র লোকজনের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ি, লুঙ্গি-পাঞ্জাবি বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। এসময় তিনি জানান, এসব ঈদ উপহার সামগ্রী মহানগরী দক্ষিণ জামায়াতের সমাজ কল্যাণ তহবিলের অর্থায়নে সুবিধাবঞ্চিতদের মাঝে বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় বসেনি। কিন্তু জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে দলীয় অর্থায়নে ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছে। এই কার্যক্রম চলতেই থাকবে, ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, যাত্রাবাড়ী-শ্যামপুর থানা আমীর অধ্যক্ষ যাকীর হুসাইন, শ্যামপুর দক্ষিণ থানা সেক্রেটারি ইব্রাহিম খলিল, কদমতলী মধ্য থানা সেক্রেটারি আশরাফুল আলম সুমন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানসহ মহানগরী দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।