গণভোটের রায় অনুসারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে জুলাই শ'হীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাসহ এগারো দলীয় জাতীয় ঐক্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন। তারা অবিলম্বে গণভোটের রায় অনুসারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানান।
তারা বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার জাতির সঙ্গে প্রতারণার করছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জুলাই বিপ্লবের শহীদদের রক্ত বৃথা যেতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
সমাবেশে শহীদ পরিবারের সদস্যরাও তাদের আবেগঘন স্মৃতিচারণ করছেন, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
জাতীয় সমাবেশে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ, জামায়াতের সহকারী সেক্রেটারী ড.এএইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা রফিকুল ইসলাম খান, খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক সহ জাতীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় রাজনৈতিক ঐক্যের পক্ষ থেকে গণভোটের দাবিতে এর আগে থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছিল। আজকের এই সমাবেশ সেই ধারাবাহিক আন্দোলনেরই একটি বড় অংশ।
উল্লেখ্য যে, গতকাল (২৪ এপ্রিল) একই দাবিতে খেলাফত মজলিসও একটি গণসমাবেশ করেছিল যেখানে ডা. শফিকুর রহমান সংহতি প্রকাশ করেছিলেন।