ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনকে ২৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিজয় লাভের পরপরই মাসুদ সাঈদী ঘোষণা দেন, দল-মত নির্বিশেষে তিনি পিরোজপুরের সকল মানুষের জন্য কাজ করবেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলা।”
আজ সকালে জেলা জামায়াতের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের মাধ্যমে এক সৌহার্দ্যপূর্ণ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, “আমরা সকলে মিলে-মিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলবো। আমরা পিরোজপুরকে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির এক পিরোজপুর হিসেবে গড়ে তুলবো। আমরা গড়ে তুলবো সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের পিরোজপুর। আমাদের মাঝে দলীয় বিভাজন থাকবে না, থাকবে ভ্রাতৃত্ব, সৌহার্দ ও সম্প্রীতি।”
এর আগে গতকাল সন্ধ্যায় স্থানীয় জনগনের সাথে বিজয় পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে চন্ডিপুর বাজারে আয়োজিত এক শুকরানা সমাবেশে মাসুদ সাঈদী এমপি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোরভাবে নির্দেশ দেন। তিনি বলেন, "কোনো দলের নেতাকর্মীদের প্রতি যেন কোনো ধরনের অসদাচরণমূলক আচরণ না করা হয়। নির্বাচনে বিজয় যেন আমাদের অহংকারী না করে, বিজয় যেন আমাদেরকে বিনয়ী করে।"
তিনি বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট—জনগণের আস্থা অর্জন করা, নতুন ক্ষমতাসীনদের জবাবদিহির মধ্যে রাখা এবং দেশে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরী করা। এদেশ আমাদের সকলের। সকলে মিলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদেশে নতুন করে আর কোনো স্বৈরাচার বা দূর্নীতিবাজকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবেনা।
সমাবেশ শেষে মাসুদ সাঈদী চন্ডিপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন কার্যালয়ে গিয়ে বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, শিবিরের জেলা সভাপতি ইমরান হোসেন, মাজলিসুল মুফাসসিরীনের জেলা সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, জেলা টিম সদস্য রাকিবুল হোসেন প্রমুখ।