বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৯৮ হাজার ৪৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ১৯১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ২৬ হাজার ২৪৭।

এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ১৫৯ ভোট। গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৮ ভোট এবং এবি পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন পেয়েছেন ৪০৫ ভোট।

বাউফল উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১৫ হাজার ২৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৫০১ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৪ হাজার ৭৭৯ জন এবং হিজড়া ভোটার ছিলেন ২ জন। ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় এবং নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

তবে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন অপ্রতিকর ঘটনার অভিযোগ পাওয়া গেছে। দাসপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দাড়িপাল্লা প্রার্থীর প্রধান এজেন্ট অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদের ওপর হামলার অভিযোগ ওঠে। কালিশুরি ১৩৬ নম্বর হাতেম আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক এজেন্টকে মারধর করে আহত করার অভিযোগ রয়েছে। উত্তর মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এজেন্টদের হুমকি-ধমকি ও জাল ভোটের চেষ্টার অভিযোগ তোলা হয়েছে। ধুলিয়া মঠবাড়িয়া ও চাঁদকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেসহ বেশকিছু কেন্দ্রে বিএনপি কর্মীরা ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের ও কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ পাওয়া যায়।

ড. শফিকুল ইসলাম মাসুদ সকাল ৮টায় উত্তর-পূর্ব মদনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রদান করেন। অন্যদিকে শহিদুল আলম তালুকদার নিজ এলাকা মঠবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

সামান্য কিছু অপ্রতিকর ঘটনা ছাড়া অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।