রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করার ঘটনায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে বিএনপির নেতা মির্জা আব্বাসকে উদ্দেশ করে দেওয়া তার আগের বক্তব্যও প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
রোববার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান পাটওয়ারী।
পোস্টে তিনি লেখেন, অতি উৎসাহী হয়ে মামলা করা ব্যক্তিকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ। পাশাপাশি নিজের আগের মন্তব্য প্রত্যাহার করে নিয়ে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের অপ্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করা হবে না।
এর আগে পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ নোটিশ দেয় বিএনপি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে ওই পোস্ট দেন তিনি।
উল্লেখ্য, একই দিন বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত একটি ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে মির্জা আব্বাসকে লক্ষ্য করে কড়া মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে সেই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হলে তিনি তা প্রত্যাহারের ঘোষণা দেন।