ক্ষমতায় গেলে রাজধানী ঢাকায় ৪০টি খেলার মাঠ তৈরি এবং সড়কগুলো প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি সরকার গঠন করলে একটি সুন্দর শহর গড়ে তোলা হবে, যেখানে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে। গতকাল রোববার দুপুরের পর নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭ নির্বাচনী এলাকার ইসিবি চত্বরে এক পথসভায় তিনি একথা বলেন। এছাড়া রাত অবধি রাজধানীর একাধিক জনসভায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বেশ কিছু উন্নয়নমূলক কাজের অঙ্গীকারও তিনি করেন।
তারেক রহমান বলেন, ইনশা আল্লাহ, আপনাদের দোয়ায় বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে শুধু ঢাকা-১৭ আসনে নয়, সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব। এই মাঠগুলো তৈরির মূল উদ্দেশ্য হলো, যাতে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে এবং মুরব্বি ও মা-বোনেরা তাদের প্রয়োজন অনুযায়ী বিকেলে বা অন্য সময়ে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারেন। অবকাঠামো উন্নয়ন নিয়ে তারেক রহমান বলেন, ইসিবি চত্বর থেকে জসিমউদ্দীন সড়ক পর্যন্ত বিদ্যমান রাস্তাটি প্রশস্ত করা হবে। বিএনপি সরকার গঠন করলে মানুষের উন্নত জীবনযাপন ও সহজ যাতায়াতের কথা চিন্তা করে এই এলাকার রাস্তার প্রসার ঘটানো হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান নিজেকে ওই এলাকারই সন্তান হিসেবে পরিচয় দিয়ে ছোটবেলা থেকে এই এলাকায় বড় হওয়ার স্মৃতিচারণা করে তাকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
তারেক রহমান বলেন, আমি যেহেতু এই এলাকারই সন্তান, এই এলাকায় ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট চাই।
এছাড়া গতকাল নির্বাচনী প্রচারে ইসিবি চত্বরের পর ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় ফটক, ঢাকা-১৩ আসনে শ্যামলী ক্লাব মাঠ এবং ঢাকা-১১ আসনে বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান।
ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দেয়া বক্তব্যে মানুষের ভাগ্য পরিবর্তনে ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, ১২ তারিখে বাংলাদেশে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে তারা শুধু নির্বাচন করলেই চলবে না, ১২ তারিখে নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন। এই নির্বাচন হতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন।
মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি কী করতে চায়, তার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা নির্বাচনি ম্যানিফেস্টোতে সেগুলো বলেছি। আমরা দেশের নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। কীভাবে দেশের নারীদেরকে আরো ক্ষমতায়ন করা যায়। দেশের কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ড কীভাবে শক্তিশালী করা যায়, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। দেশের মানুষের স্বাস্থ্যসেবা কীভাবে উন্নতি করা যায়, সেই পরিকল্পনা গ্রহণ করছি। দেশের তরুণ যুবক সমাজের সদস্য, যারা ছেলে হোক- মেয়ে হোক; কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, আইসিটিসহ ভোকেশনাল বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠনের মাধ্যমে করব, সেই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি।
বিএনপি চেয়ারম্যান বলেন, এই সকল পরিবর্তন যদি করতে হয়, এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমি এবং আমার দল বিএনপি আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া সম্ভব নয়। আমি আপনাদের কাছে জানতে চাই, বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে আপনাদের সামনে তার পরিকল্পনা উপস্থাপন করেছে। কিন্তু ঢাকা-১৫ অধিবাসীর কাছে জানতে চাই আপনাদের কী পরিকল্পনা ১২ তারিখে? বলুন। পথসভায় হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকরা সমস্বরে বলে ওঠেন, ‘‘ধানের শীষ, ধানের শীষ।”
তারেক রহমান বলেন, ‘‘ইনশাল্লাহ ১২ তারিখে আপনারা আপনাদের পরিকল্পনায় সফল হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে যে সকল পরিকল্পনা দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যে সকল প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, পর্যায়ক্রমে আল্লাহর ইনশাল্লাহ আমরা সেটি বাস্তবায়ন করব।
ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, আমরা শহীদদের যে প্রত্যাশিত বাংলাদেশ, সেই প্রত্যাশিত বাংলাদেশ ১২ তারিখের পরে ধানের শীষকে বিজয় করার মাধ্যমে ইনশাল্লাহ ১৩ তারিখ থেকে আমরা সেই কাজে হাত দিতে পারব।
সেনপাড়া উচ্চ বিদ্যালয়ের আগে তারেক রহমান ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লালমাঠে পথসভায় বক্তব্য রাখেন এবং দলের প্রার্থী আমিনুল হকের জন্য এলাকাবাসীর কাছে ভোট চান। সেখানে তারেক রহমান বলেন, এই এলাকায় জলাবদ্ধতা সমস্যা, হাসপাতালের সমস্যা রয়েছে। ইনশাল্লাহ আমরা এসব সমস্যার সমাধান করব। আমি আপনাদের প্রতিবেশী হিসাবে ঢাকা-১৬ আসন দেখার দায়িত্ব আমার মধ্যে পড়ে। ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসেবে, আপনাদের প্রতিবেশী হিসাবে আমি আপনাদের সাথে যেমন আগেও ছিলাম ইনশা আল্লাহ ভবিষ্যতেও থাকব।