চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষক ও মৎস্যজীবীদের নিয়ে আয়োজিত সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, কৃষকরা হচ্ছে দেশের প্রাণ। কৃষি ও মৎস্যখাতকে শক্তিশালী করতে না পারলে দেশের অর্থনীতি কখনোই টেকসই হবে না। তাই কৃষকদের উৎপাদন খরচ কমানো, সহজ শর্তে ঋণ প্রদান এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।

গতকাল শুক্রবার বিকেলে সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত কৃষক ও মৎস্যজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের প্রতি আন্তরিক হতে হবে। কৃষিজমি রক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব। তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের ঘরে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সরকার ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি ডা. মোঃ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ইসহাক, মাস্টার এনামুল হক, তারেক হোসাইন, দিদারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে আরও বক্তব্য দেন খানে আলম, মোহাম্মদ রফিক, মঞ্জুরুল আলম, শহিদুল ইসলাম বাবর, কামাল হোসেন ও দিদারুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিজানুল রহমান সিকদার।

আ. জ. ম. ওবায়দুল্লাহ স্মরণসভায়

চট্টগ্রাম ব্যুরো : প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, “ড. আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ ছিলেন জ্ঞানের এক বিশাল ভাণ্ডার। সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে তাঁর পদচারণা ছিল সকলের জন্য অনুসরণীয়। তাঁর বিকশিত অমূল্য প্রতিভা দেশ ও জাতি গঠনে যুগের পর যুগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” মরহুম ড. আ. জ. ম. ওবায়দুল্লাহ (রাহিমাহুল্লাহ)-এর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলে এসবকথা বলেন।

দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগর আয়োজনে গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরীর চট্টগ্রাম প্রেসক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী আরও বলেন, “আ. জ. ম. ওবায়দুল্লাহ তাঁর কথা ও কলমের মাধ্যমে আমাদের যা দিয়ে গেছেন, তার যথাযথ মূল্যায়ন ও চর্চা করতে হবে।” এ ধরনের গুণী ব্যক্তির স্মরণে অনুষ্ঠান আয়োজন করায় তিনি দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট বাচিকশিল্পী ও Kids Creation TV-এর সিইও শরীফ বায়েজিদ মাহমুদ। তিনি ড. আ. জ. ম. ওবায়দুল্লাহর সঙ্গে কাটানো বেশ কিছু স্মৃতিময় মুহূর্ত তুলে ধরেন এবং তাঁর সৃজনশীল কর্মধারাকে সুস্থ সাংস্কৃতিক বিকাশের পাথেয় হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট পরিবেশবিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম এবং বিশিষ্ট সুরকার, গীতিকার ও শিক্ষাবিদ ড. চৌধুরী আব্দুল হালিম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রফেসর ইমদাদ হোসেন ও কবি চৌধুরী গোলাম রব্বানী।

সংগঠনের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আ. জ. ম. ওবায়দুল্লাহ রচিত সংগীত পরিবেশন করেন চট্টলা গানের দলের শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে মরহুম আ. জ. ম. ওবায়দুল্লাহর অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।