ঢাকা-১৫ আসনের নির্বাচনী ক্যাম্পেইনার শাহ আলম ভূঁইয়ার ইন্তিকালে শোক প্রকাশ করতে কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাকে আসলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। ঢাকা-১৫ আসনে নির্বাচনী ক্যাম্পেইনে যুক্ত থাকা শাহ আলম ভূঁইয়া (৫৫) গত ৮ ফেব্রুয়ারি ইটনায় একটি নির্বাচনী জনসভায় যাওয়ার পথে নৌকায় স্ট্রোক করে তিনি ইন্তিকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জের ইটনায় শাহ আলম ভূঁইয়ার গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি মরহুমের কবর জিয়ারত করেন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি নিজেকে শিমুলবাকের মরহুমের অপ্রাপ্তবয়স্ক দুই সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সার্বিক দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এর নির্বাচনী এলাকায় প্রচারণায় সক্রিয় ছিলেন।
মরহুম শাহ আলম ভূঁইয়া পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি ঢাকার কাফরুল এলাকায় রিকশা চালাতেন এবং জামায়াতে ইসলামীর একজন সমর্থক হিসেবে দলীয় কার্যক্রমে অংশ নিতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শিমুলবাকে। নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন। তার ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, শাহ আলম ভূঁইয়া দ্বীনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। জীবন-সংগ্রামের মধ্যেও তিনি শেষ দিন পর্যন্ত দ্বীনের পথে অবিচল ছিলেন। আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার সমস্ত নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন।
আল্লাহ তায়ালা তার পরিবারের সদস্যদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন। এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী
গাজীপুর ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।