বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইরানী আক্তার বলেছেন, ‘আমাদেরকে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের বিধান প্রতিষ্ঠার জন্য। মানুষের কল্যাণ দু’ভাবে করতে হবে। একটি হলো দুনিয়াতে নিরাপদ জীবন এবং অপরটি পরকালীন কল্যাণ নিশ্চিত করা। তাই দুনিয়ায় শান্তিু ও আখেরাতে মুক্তির জন্য জীবনের সকল ক্ষেত্রে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ময়দানে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গতকাল শনিবার ঢাকা-১৫ সংসদীয় আসনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সমর্থনে নারীদের এক গণমিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন। গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সালমা সুলতানা, ঢাকা মহানগরী উত্তর সহকারী সেক্রেটারি আমেনা বেগম এবং ঢাকা মহানগরী উত্তর কর্মপরিষদ সদস্য আকলিমা ফেরদৌসী প্রমুখ। গণমিছিলে হাজার হাজার নারী অংশ নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেন।
ইরানী আক্তার বলেন, ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হলেই মানুষের অধিকারের নিশ্চয়তা মিলবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ঢাকা-১৫ আসনে আমাদের প্রার্থী আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নির্বাচিত হলে সমাজ ও দেশের অকল্যাণকর কাজগুলো দূর করে একটি মানবিক, ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে’। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় ঢাকা-১৫ আসন সহ সারাদেশে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘নারী অধিকার ও নিরাপত্তা এবং নারী সমাজের মর্যাদা প্রতিষ্ঠা হতে পারে কেবল ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে’। তিনি সকল নারী সমাজ এবং সকল পেশা-শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ডা. শফিকুর রহমানকে ভোট দিয়ে একটি সুন্দর মানবিক ন্যায়-ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষ রায় প্রদান করুন, যাতে দুনিয়াও সুন্দর হয় এবং জান্নাতি পরিবেশ তৈরি হয়’।
মোবারক হোসেন বলেন, ‘ঢাকা-১৫ আসনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নিজেই প্রার্থী। এখানের নারীরা ন্যায় ও ইনসাফের পক্ষে, দাড়িপাল্লার পক্ষে। পুরুষদের পাশাপাশি নারীরাও দাড়িপাল্লাকে ভোট দিয়ে বিজয়ী করবে। আগামী ১২ তারিখে নির্বাচনে আমরা তাকে বিজয়ের মালা পরাতে চাই’।
ঝিনাইদহ সংবাদদাতা : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে উপজেলা জামায়াত। এতে ঝিনাইদহ ৩ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী মতিয়ার রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলা সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি উবাইদুর রহমান, মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন খান, কোটচাঁদপুর পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মীদের ওপর বর্বরোচিত হামলা, হেনস্থা ও কটূক্তির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জামালপুরের সরিষাবাড়ী।
গতকাল শনিবার সকালে উপজেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী রাণী দিনমনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে শিমলা বাজার, পৌরসভা ও আরামনগর বাজার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। নেতা-কর্মীদের গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। মিছিলটি শেষে উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় মন্ডল মোড়ে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন এবং পথসভায় প্রধান অতিথির দিলে রাখেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মাওলানা আব্দুল আওয়াল।
সভায় বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা মহিলা শাখার সভানেত্রী সুলতানা সাথী, পৌরসভা শাখার সভানেত্রী শাহনাজ পারভীন, সহ-সভানেত্রী হিরা আক্তার, ভাটারা ইউনিয়ন শাখার দায়িত্বশীলা সালমা আক্তার প্রমুখ।
পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর পত্নীতলায় প্রতিবাদী মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার নজিপুর নতুনহাট এলাকা থেকে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গরুহাটির সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি হাবিবা সুলতানা, জেলা মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য আমিনা সওদাগরসহ স্থানীয় মহিলা বিভাগের নেত্রীবৃন্দ ও অন্যান্য মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দিতে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা মহিলা জামায়াত। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ৩টায় দাউদকান্দি পৌরসভার রিফাত শিশুপার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ব প্রান্তের পূবালী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা এসিস্ট্যান্ট সেক্রেটারি বিলকিস আক্তার। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি ফাতেমা জামান,পৌর সভানেত্রী শিরিন আক্তার, সেক্রেটারি খোরশেদা আক্তার ও রাশিদা আক্তারসহ স্থানীয় নেত্রীবৃন্দ।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : ৭ ফেব্রুয়ারি গতকাল শনিবার বগুড়ার গাবতলী উপজেলা জামায়াতের আয়োজনে পৌর সদরের পাইলট হাইস্কুল মাঠে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির ছিল বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিবিরের সভাপতি নুর আলম। সমাবেশ শেষে এক নির্বাচনী মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাও: আ: হাকিম, কর্ম পরিষদের সদস্য মাও: আ: মজিদ, উপজেলা জামায়াতের আমীর মাও: ইউনুছ আলী, সেক্রেটারি আ: রহমানসহ আরো অনেকে।