বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেন, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ শ্রমিকের মৌলিক অধিকার দেশের সব ক্ষেত্রে পরিবর্তন এলেও শ্রমজীবী মানুষের ভাগ্যের কাক্সিক্ষত পরিবর্তন হয়নি। শ্রমিকেরা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি ও বিভিন্ন গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি, শ্রমিকের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
গতকাল শুক্রবার হবিগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দায়িত্বশীল সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইন।
প্রধান অতিথি এডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন গণআন্দোলন ও ঐতিহাসিক সংগ্রামে শ্রমিকদের অগ্রণী ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনেও শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০২৪ সালের আন্দোলনে বিপুলসংখ্যক শ্রমিক নিহত ও আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, শ্রমিকের কর্মঘণ্টা আইন অনুযায়ী আট ঘণ্টা হলেও দেশের অনেক শ্রমিককে ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়। অনেক ক্ষেত্রে অতিরিক্ত কাজের জন্য যথাযথ ওভারটাইমও দেওয়া হয় না। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকের মৌলিক অধিকার নিশ্চিত না করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বলেন, কলকারখানাসহ সব সেক্টরের শ্রমিকের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে বাস্তবসম্মত মজুরি নির্ধারণ করতে হবে। অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ, মাতৃত্বকালীন সময়ে নারী শ্রমিকের চাকরি সুরক্ষা, সময়মতো ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সব কলকারখানায় নিরাপদ কর্মপরিবেশ, আট ঘণ্টার বেশি কাজের ক্ষেত্রে ওভারটাইম, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি শ্রমিকদের আবাসন ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রধান উপদেষ্টা মাওলানা মুখলেছুর রহমান, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন ও জেলা উপদেষ্টা মহসিন আহমেদ। সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি