পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ৩ (পলাশবাড়ী সাদুল্লাপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু নির্বাচনোত্তর শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজ এলাকা হোসেনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মেরিরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন। নির্বাচনে বিজয়ের পর প্রথমবারের মতো নিজ এলাকায় তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী, সমর্থক, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় সমর্থকদের উচ্ছ্বাসে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

উপস্থিত জনতার উদ্দেশ্যে নবনির্বাচিত এমপি বলেন, “এই বিজয় ব্যক্তিগত নয়; এটি পলাশবাড়ী–সাদুল্লাপুরবাসীর বিজয়।” তিনি এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং শিক্ষা, কৃষি ও অবকাঠামো খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “আমি দলীয় এমপি হতে চাই না, জনতার এমপি হতে চাই।” নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি, বিপুলসংখ্যক সমর্থক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।