বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশাবাদী তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকের পর বিএনপি মহাসচিব এসব কথা জানান। বৈঠকে সর্বসম্মতভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, এটা একটি ঐতিহাসিক মূহুর্ত। দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্রকে ধ্বংস করে দেয়া ও সংসদকে অকার্যকর করা-এসব পর্বের পরে জনগণের রক্তের বিনিময়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সংসদ পেয়েছি। এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আমাদের তরুণ নেতা তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি। আমরা আশাবাদী, তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপির সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি নেবেন না বলে আমাদের সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের কাছ থেকে তারা কোনো প্লটও নেবেন না।

মির্জা ফখরুল বলেন, নতুন সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকা-ের কেন্দ্রবিন্দু। তিনি বলেন, ছাত্র-জনতার রক্তপাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন অধ্যায় সূচিত হয়েছে, সেখানে জাতীয় সংসদই হবে সকল রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকা-ের মূল কেন্দ্রবিন্দু। তিনি আরও বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে একটি বিকশিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। দীর্ঘ সময় পর গণতন্ত্রে ফিরে আসার এই প্রক্রিয়াকে তিনি একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে অভিহিত করেন।

বিগত নির্বাচনগুলোতে সংসদ অকার্যকর থাকার অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমাদের সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সংসদকে নিঃসন্দেহে সকল কর্মকা-ের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। এটি আপনারা অদূর ভবিষ্যতেই দেখতে পাবেন। তিনি বলেন, আমরা একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ উপহার দিতে বদ্ধপরিকর।

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি অত্যন্ত ইতিবাচক মনোভাব ব্যক্ত করে বলেন, আজকের এই দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা সংসদে বিরোধী দলের সঙ্গে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করতে চাই। এর আগে সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।