পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ১১ দল সমর্থিত জামায়াত প্রার্থী আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মাওলানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৬২ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, নজরুল ইসলাম লেবু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের চেয়ে ২২ হাজার ৫৯৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। সৈয়দ মইনুল হাসান সাদিক পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬৪ ভোট।

আসনটিতে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তৃতীয় স্থানে রয়েছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী এটিএম আওলাদ হোসাইন। তিনি পেয়েছেন ২ হাজার ৮৩৫ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের এস এম খাদেমুল ইসলাম খুদি পেয়েছেন ২ হাজার ৪৫ ভোট। জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের মইনুর রাব্বী পেয়েছেন ১ হাজার ৬৩৮ ভোট, ঢেঁকি প্রতীকের আজিজার রহমান ১ হাজার ৪২ ভোট এবং গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের সুরুজ্জামান পেয়েছেন ১ হাজার ৭৯২ ভোট।

কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল পেয়েছেন ৫২১ ভোট। জনতার দলের কলম প্রতীকের মঞ্জুরুল হক পেয়েছেন ১৫৮ ভোট এবং ইনসানিয়াত বিপ্লবের আপেল প্রতীকের মোছাদ্দিকুল ইসলাম পেয়েছেন ১৪৭ ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১৪৭টি কেন্দ্রে (পোস্টাল গণনা কেন্দ্রসহ)।

মোট প্রদত্ত ভোটের হার ছিল ৬৩ দশমিক ২৩ শতাংশ। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৫৯৯ এবং বাতিল ভোট ৭ হাজার ৪৫০। অন্যদিকে, হ্যাঁ ভোট পেয়েছে ২ লাখ ১১ হাজার ৫৪ এবং না ভোট পেয়েছে ৮১ হাজার ৩৯। হ্যাঁ ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৭৪৫।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।