কুষ্টিয়া-৪ আসনের খোকসা উপজেলায় জামায়াতের নারী কর্মীদের ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের হামলা জামায়াতের ৬ জন কর্মী আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মাসলিয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে নারী কর্মীরা আব্দুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে ভোট চাইতে গেলে বিএনপির কর্মীরা বাধা প্রদান করে এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে।
পরবর্তীতে সকাল সাড়ে ৭টার দিকে মাসলিয়া বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা হকি স্টিক ও লাঠিসোঁটা নিয়ে জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়। এতে জামায়াত নেতা সাইদুল ইসলাম সাঈদ, মাসুম বিল্লাহ ও এসএম আবু দাউদসহ মোট ৬ জন কর্মী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহত জামায়াত কর্মীদের স্থানীয়রা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন জানান, তিনি জরুরি কাজে খুলনায় অবস্থান করছেন। বিষয়টি জানার জন্য ওসি (তদন্ত)-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।