নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এ আগমনকে কেন্দ্র করে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে নির্বাচনী জনসভার প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।
তিনি গণমাধ্যম কর্মীদের জানান, সকাল ৯টায় কটিয়াদী উপজেলার ঐতিহাসিক কটিয়াদী সরকারি কলেজ মাঠে নির্বাচনী সভা শুরু হবে। সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সভা সফল করতে শৃঙ্খলাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
নির্বাচনী সভায় ১১ দলীয় জোটের শরিক বিভিন্ন দলের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেবেন। এছাড়াও জেলার ৬টি আসনের ১১ দলীয় প্রার্থীগণ উপস্থিত থাকবেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, মিডিয়া ও প্রচার সেক্রেটারি শামসুল ইসলাম সেলিম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে কিশোরগঞ্জ জেলায় জামায়াত আমিরের আগমন উপলক্ষে আজ ২ ফেব্রুয়ারি বাদ আসর শহরের শহীদী মসজিদ থেকে একটি স্বাগত মিছিল বের করা হয়। স্বাগত মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে গিয়ে শেষ হবে।