স্প্যানিশ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২৯তম লিগ শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। তবে মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট।

সোমবার (১১ মে) রাতে বার্সা-রিয়ালের ম্যাচ চলাকালীন সময়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় হাসনাত লেখেন— ‘Offside hurts!’ (অফসাইড কষ্ট দেয়!)। মুহূর্তেই তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ম্যাচের ৬৩তম মিনিটে রিয়াল যখন ২-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করছিল, ঠিক তখনই ঘটে সেই আলোচিত ঘটনা। রিয়াল মাদ্রিদ একটি কর্নার কিক পায়। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নেওয়া সেই কিকটি বার্সার রক্ষণভাগ শুরুতে প্রতিহত করলেও বিপদ কাটেনি। বক্সের ২৫ গজ দূরে বলের নিয়ন্ত্রণ নেন ব্রাহিম দিয়াজ। সেখান থেকে তিনি চমৎকার এক চিপ পাসে বল বাড়িয়ে দেন বক্সে থাকা জুড বেলিংহ্যামের দিকে। ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম দারুণ দক্ষতায় গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে পরাস্ত করে বল জালে পাঠান।

মাদ্রিদ সমর্থকরা উল্লাসে ফেটে পড়লেও সেই আনন্দ স্থায়ী হয়নি। লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় গোলটি বাতিল হয়ে যায়। এই একটি সিদ্ধান্তই যেন ম্যাচের ভাগ্য গড়ে দেয়, যা মেনে নিতে পারছেন না সমর্থকরা। হাসনাত আব্দুল্লাহর পোস্টে মূলত সেই আক্ষেপেরই প্রতিফলন ঘটেছে।

অন্যদিকে ম্যাচে আধিপত্য দেখিয়ে ২-০ গোলের জয় তুলে নেয় বার্সেলোনা। দলের হয়ে ৯ম মিনিটে প্রথম গোল করেন মার্কাস রাশফোর্ড। এরপর ১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তরেস।

এই জয়ে তিন ম্যাচ হাতে রেখেই নিজেদের লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা।