ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দেবেন।
নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্রে ভোট প্রদান করবেন। অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
এ ছাড়া মাওলানা আনম শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনার ফুলতলা উপজেলার ৮নং পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টার দিকে ভোট প্রদান করবেন।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ঢাকার খিলগাঁও গোড়ানস্থ আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডিগ্রিচর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।
অন্যদিকে ড. হামিদুর রহমান আযাদ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং মাওলানা মুহাম্মাদ শাহজাহান চট্টগ্রামের উখিয়া উপজেলার রাজাপালং মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের প্রতি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।