ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে গাজীপুরে অনুষ্ঠিত এক আলোচনা স া ও ইফতার মাহফিলে।

বাংলাদেশ জামায়াতে ইসলামি গাজীপুর মহানগরীর ৫৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে শুক্রবার স্থানীয় সাতাইশ স্কুল মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এবং সেক্রেটারি শহীদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষের ভেতরে নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করে। রমজানের শিক্ষা শুধু ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। তিনি ন্যায়, সত্য ও মানবকল্যাণভিত্তিক একটি সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ড. হাফিজুর রহমান বলেন, রমজান মানুষকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শিক্ষা দেয়। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সমাজে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর, মো. আনোয়ার হোসেন ভূইয়া, মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি, জাকির হোসেন, সাতাইশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, মো. কামরুজ্জামান মামুন, টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা বালিকা শাখার উপাধ্যক্ষ, মাওলানা আব্দুল কাইয়ুম, মো. বিন ইয়ামিন, ওয়ার্ড কাউন্সিল প্রার্থী, ডা. সজীব খান এবং ওয়ার্ড জামায়াতের কর্মপরিষদ সদস্য, সাঈদ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।