বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা আপা তো পালিয়ে গেছেন। তার হাজার হাজার নেতা কর্মী সমর্থকদের বিপদে ফেলে পালিয়েছেন তিনি। আমরা তার রেখে যাওয়া সমর্থকদের জানাতে চাই যে আমরা আপনাদের পাশে আছি। যারা কোন অপরাধ করেননি, যারা নির্দোষ, তাদের আমরা কোন ক্ষতি হতে দেবো না। গতকাল শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ ( সদর উপজেলা) আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও দেবীপুর আদর্শ গ্রামে ধানের শীষে ভোট চাইতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় জামায়াতকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, একটা দল বলে আমি তাদের নাম বলবো না, তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কোনো মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেতো, তাহলে সবাই জান্নাতেই যেতো। জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে। নামায রোজা রাখতে হবে। তাছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটি দল ভুল স্বপ্ন দেখাচ্ছে। এজন্য আমি এসব নিয়ে বেশি কথা বলবো না।

দেশ পরিচালনার ব্যাপারে তিনি বলেন, জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত, অনেক পুরনো রাজনৈতিক দল। অভিজ্ঞতা থেকে বলছি বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মত এখন আর কেউ নেই। আমরা ক্ষমতায় গিয়েছি, দেশ পরিচালনা করেছি। জামায়াতের ক্ষমতায় যাবার বা দেশ পরিচালনার কোন অভিজ্ঞতা নেই। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই একসাথে থাকতে চাই। আমাদের বিভেদ করার কোন সুযোগ নেই।

মির্জা ফখরুল বলেন, বিএনপি মানুষকে বিভ্রান্ত করতে চায় না, আমরা উন্নয়ন করতে চাই। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে সকলকে ভোট দেওয়ার আহ্বান জানাই। তিনি আরও বলেন, উন্নয়ন একমাত্র ধানের শীষ করতে পারবে আর কেউ করতে পারবে না। আমরা সেই জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক। যাদের আপন ভেবে মানুষ কাঁদে।

ভোটারদের সজাগ করে তিনি বলেন, সামনে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। একটা দল ভোট চাইতে আসছে আপনাদের কাছে। দাঁড়ি পাল্লার কথা বলছে। তারা কখনো কি সরকারে গেছে? আপনাদের জন্য কোন কাজ করছে? করে নাই। আমরা কাজ করছি। আমরা পরীক্ষিত দল। আপনাদের কাছে ভোট চেয়েছি। আপনারা ভোট দিয়েছেন। আমরা সরকারে গিয়ে আপনাদের জন্য কাজ করেছি।