হাফেজ্জী হুজুর এর প্রতিষ্ঠিত রাজধানীর কামরাঙ্গীর চরস্থ জামেয়া নুরিয়া ইসলামিয়া মহাপরিচালক ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন,

পবিত্র রমজানে দিনের বেলায় শুধু উপোস থাকলেই প্রকৃত রোজা হয় না বরং দিনে বা রাতে সকল প্রকার অপরাধ থেকে বিরত থাকাই রোজার মূল লক্ষ্য। আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন মানুষকে মুত্তাক্বীও নিষ্পাপ বানানোর জন্য। গুনাহ থেকে বাঁচার প্রশিক্ষণের মাস রোজার মাসকে কেন্দ্র করে পন্যের মূল্য বৃদ্ধি করা, ভেজাল পণ্য তৈরি ও সরবরাহ করা, মিথ্যা বলে ব্যবসা করা মারাত্মক অপরাধ ও গুনাহের কাজ। রাসূলে আরাবী সাঃ বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ থেকে বিরত থাকতে পারলো না তা শুধু উপোস থাকার শামিল।

তিনি বলেন, রোজাদারকে সামান্য কিছু দিয়ে হলেও ইফতার করালে একটি পূর্ণ রোজার সওয়াব পাওয়া যায়, গুনাহ মাফ হয় এবং জাহান্নাম থেকে মুক্তির কারন হয়।

মাওলানা মিয়াজী আরো বলেন, বর্তমানে দেশে দেশে মুসলমানরা ইহুদি নাসারা ও সাম্রাজ্যবাদ অপশক্তির দ্বারা সীমাহীন জুলুমের শিকার। একদিকে আমেরিকা- ইসরাইল কর্তৃক ফিলিস্তিন ও ইরানে গণহত্যা, অপরদিকে কাশ্মীরে হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারতের দমন পীড়নে মুসলমানরা অতীষ্ঠ। তিনি বলেন, মুসলমানদের উপাসনা ও সিয়াম সাধনার গুরুত্বপূর্ণ মাস রমজানে যারা বোমা মেরে মানুষ হত্যা করছে,পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, তারা মানবতার শত্রু। ইসলাম ও মুসলিম বিদ্বেষী, মানবাধিকার লঙ্ঘনকারী আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে বিশ্ব নেতাদের রুখে দাঁড়াতে হবে।

তিনি আরো বলেন,পবিত্র কুরআন নাজিলের মাস রমজানে সাধারণ দান,জাকাত- সদাকাহ,ফিদিয়া প্রদান করে আত্মীয়, প্রতিবেশী,অধীনস্থ গরিব রোজাদারদের সাহায্য করাও পূণ্যের কাজ। বিশেষ করে মাদরাসার লিল্লাহ বোর্ডিং এ থেকে যেসব এতীম,গরিব, অসহায় ছাত্র- ছাত্রীরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তাদেরকে দান করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে রাষ্ট্রীয় ভাবে জাকাত উসূল করে যথাযথ হক্বদারদের প্রদান করা হবে।

শুক্রবার জামিয়া নূরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি ছিলেন ঢাকা ৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদ, কামরাঙ্গীরচরের সাবেক সুলতানগঞ্জ ইউনিয়নের সফল চেয়ারম্যান মনির হোসেন। বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, মাওলানা শেখ আজিমুদ্দিন, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী, জাতীয় ইমাম পরিষদের সভাপতি মুফতী আব্দুল্লাহ ইয়াহিয়া,পীর জঙ্গী মাদ্রাসার মুহতামিম মাওলানা আঃ হাফিজ, মুফতি মুজিবুর রহমান,মাওলানা আশিকে ইলাহী আল-মাদানী, ইসলামী ঐক্যজোটের নায়েবে আমির ও বড় কাটারা মাদ্রাসার মুহতামিম মাওলানা জসিমউদ্দিন,মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী,মাওলানা সাজেদুর রহমান ফয়েজী,মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা ইলিয়াস মাদারীপুরী,প্রমূখ। ইফতার মাহফিলে ৫ হাজারের বেশি রোজাদার একত্রে ইফতার করেন।

ইফতারের পূর্বে দোয়ায় মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনা করে দোয়া করেন। এবং আমেরিকা-ইসরাইলের জুলুম থেকে মজলুমদেরকে রক্ষা করার জন্য মহান আল্লাহর নিকট মোনাজাত করেন।