বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলার অভিযোগকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাউফল উপজেলা শাখা।
গতকাল শুক্রবার বিকেল ৫টায় উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বাংলা বাজারস্থ উপজেলা জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলাবাড়ি এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ খালিদুর রহমান, নির্বাচন পরিচালক আতিকুর রহমান নজরুল এবং আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ। এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা মোঃ সেলিমুর রহমানসহ স্থানীয় ও পৌরসভার নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনের সামনেই জামায়াত নেতৃবৃন্দের ওপর হামলা চালায়। এছাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কর্মী ও ফল ব্যবসায়ী আল আমিনের ওপর হামলার ঘটনাও উল্লেখ করা হয়।
তারা আরও অভিযোগ করেন, ২৮ মার্চ জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দাসপাড়া ইউনিয়ন আমির মোঃ ইব্রাহিম খলিল ও সেক্রেটারি নাজিম হাওলাদারের ওপর মামুন মেম্বার ও যুবদল নেতা ফিরোজের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় তাদের রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
ঘটনাগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা দ্রুত জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের হামলা বন্ধ না হলে এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। পাশাপাশি বাউফলের শান্তি ও নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীরা রাজপথে থাকারও ঘোষণা দেন।