গণবিরোধী' বিল পাসের অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউটের পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সংসদের বিরোধী দল।
আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানানো হয়, গণবিরোধী বিল পাসের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট এবং সার্বিক বিষয়ে বিরোধীদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
এর আগে, বিকাল ৬টার দিকে ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
ওয়াকআউটের আগমুহূর্তে স্পিকারের অনুমতিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘‘দুঃখজনক হলেও সত্য... বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়েকটি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করছি।’’
যেসব বিলকে গণবিরোধী বলছে বিরোধী দল:
আজ জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা বেশকটি অধ্যাদেশ হুবুহু পাস করা হয়েছে যেমন, তেমনি একাধিক অধ্যাদেশ বাতিল করে বিলও পাস হয়েছে।
এ নিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল, জেলা পরিষদ (সংশোধন) বিল ২০২৬, জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল—এসব প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারায় বিরোধী দলের আপত্তি রয়েছে।