স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিনের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। হ্যাক হওয়া ওই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও সাংবাদিকদের কাছে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর অনুরোধ করা হচ্ছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়টি সামনে আসে যখন গাজীপুরের বিভিন্ন লোকজনের হোয়াটসঅ্যাপ নম্বরে অধ্যাপক জামাল উদ্দিনের ব্যবহৃত নম্বর থেকে একটি বার্তা আসে। বার্তায় লেখা ছিল, “আমার বিকাশে এখন ৩০ হাজার টাকা লাগবে, দেওয়া যাবে? কালকে ফেরত দিয়ে দিব।” বার্তাটি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি যাচাই করা হলে হ্যাকের তথ্য নিশ্চিত হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অধ্যাপক জামাল উদ্দিন জানান, তার হোয়াটসঅ্যাপ নম্বরটি দুর্বৃত্তদের দ্বারা হ্যাক করা হয়েছে। তিনি বলেন, তার নম্বর থেকে একাধিক ব্যক্তির কাছে একই ধরনের অর্থ চাওয়ার বার্তা পাঠানো হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক। তিনি স্পষ্ট করে জানান, তিনি ব্যক্তিগতভাবে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারো কাছে কখনোই টাকা চাননি।
অধ্যাপক জামাল উদ্দিন আরও জানান, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে তিনি সাংবাদিকসহ সকল শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, তার নাম বা নম্বর ব্যবহার করে কোনো ধরনের আর্থিক লেনদেনের অনুরোধ এলে যেন কেউ সাড়া না দেন।
এদিকে, সংশ্লিষ্ট মহল মনে করছে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের নম্বর হ্যাক করে প্রতারণার ঘটনা বাড়ছে। তাই এ ধরনের বার্তা পেলে যাচাই ছাড়া অর্থ পাঠানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।