বেসরকারী ফলাফলে পিরোজপুর ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাড়িপাল্লা মার্কার মাসুদ সাঈদীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই আসনে তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ধানের শীষের প্রার্থী আলমগীর হোসেন। গত বৃহস্পতিবার সকাল ৭ টা ৩০ মিনিটে শুরু হয়ে একনাগরে বিকেল সাড়ে চার টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। কোন রকমের বিশৃঙ্খলা বা সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়। এরপর শুরু হয় ভোট গণনা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণার কার্যক্রম। সন্ধ্যার পর থেকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে থাকে এবং জেলা নির্বাচন কর্মকর্তা সেইসব ফলাফল ঘোষণা করতে থাকেন। রাত আড়াইটা নাগাদ পিরোজপুর ১ আসনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক আবু সাঈদ। সর্বশেষ ফলাফল অনুযায়ী (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে ১৬৮টি ভোট কেন্দ্রের বে-সরকারী ফলাফলে সাবেক এমপি, বিশ্ব বিখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সেজ ছেলে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মাসুদ সাঈদী। বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের চেয়ে তিনি ২৫ হাজার ৫৫৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হন । মাসুদ সাঈদী পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট। এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৮৭ হাজার ৯৮৭ জন। এর মধ্যে বৈধ ভোট দিয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৭৬৪ জন। উল্লেখ্য, পিরোজপুর ১ আসন থেকে ইতিপূর্বে তার মরহুম পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৯৬ এবং ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
পিরোজপুর-১ আসনে “হ্যাঁ” ভোট দিয়েছেন ১ লাখ ২২ হাজার ৪ জন এবং “না” ভোট দিয়েছেন ৬৩ হাজার ৫৮ জন।