বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌর শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দারুল আমান ট্রাস্টের আছির উদ্দিন সরদার মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে সংগঠনের আদর্শ, দাওয়াহ কার্যক্রম, সাংগঠনিক দায়িত্ববোধ এবং বর্তমান প্রেক্ষাপটে রুকনদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাবনা পৌর জামায়াতের আমির উপাধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন ও কেন্দ্রীয় শুরা সদস্য পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা পৌর জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, সহকারী সেক্রেটারি এস এম ইদ্রিস আলী, তারবিয়াত সেক্রেটারি ড. ইদ্রিস আলম, অফিস সম্পাদক মাওলানা আব্দুল আলীম, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা শিহাবুল আলম,আব্দুল আউয়াল, অধ্যক্ষ একরামুল হক ,মাওলানা শফিকুল ইসলাম, ফরিদুল হাসান , মাওলানা শফিউল্লাহ প্রমুখ।

প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যক্তিজীবনে শৃঙ্খলা, আত্মশুদ্ধি এবং সমাজ পরিবর্তনের লক্ষ্যকে সামনে রেখে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

প্রধান অতিথি বলেন, একজন রুকন শুধু সংগঠনের সদস্য নন, বরং সমাজ পরিবর্তনের একজন দায়িত্বশীল কর্মী। ইসলামী আন্দোলনের লক্ষ্য অর্জনে আদর্শিক দৃঢ়তা, আত্মশুদ্ধি এবং জনগণের কল্যাণে নিবেদিত ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, বর্তমান সময়ে সংগঠনের প্রতিটি পর্যায়ে দক্ষ, আদর্শবান ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ অপরিহার্য।

অধ্যাপক আব্দুল গাফফার খান সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানিয়ে বলেন, রুকনদের ব্যক্তিজীবন, পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে।

পাবনা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের রুকনরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী সেশনে কুরআন-হাদিসভিত্তিক আলোচনা, সাংগঠনিক নির্দেশনা, প্রশ্নোত্তর পর্ব, বক্তৃতা প্রতিযোগিতা এবং সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, এ ধরনের শিক্ষা শিবির রুকনদের আদর্শিক শক্তি বৃদ্ধি, সাংগঠনিক দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষণ শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।