পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিবছরের ন্যায় এই বছরেও মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৬’ কর্মসূচি ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম । শনিবার (২৩ মে) ঈদুল আযহা সামনে থাকায় অগ্রীম তারা এ কর্মসূচি ঘোষণা করেছে৷
একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।
এই কর্মসূচিকে সামনে রেখে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের বৃক্ষ র্যালী কর্মসূচি পালন করা হয়। শ্যামলী থেকে শুরু করে বাদশাহ ফয়সাল ইনিস্টিউটের সামনে এসে র্যালী শেষ হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম প্রত্যেক জনশক্তির অন্তত ১টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং অন্তত ২টি করে চারা বিতরণ করার আহবান জানান।
শাখাভিত্তিক সচেতনতামূলক র্যালির আয়োজন করা, বৃক্ষ নিধন রোধ ও বৃক্ষরোপণের ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা, প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষ বিতরণ কর্মসূচি আয়োজন করা—বিশেষত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করার আহবান জানান তিনি৷
তিনি আরো বলেন, বর্তমান এই আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনে বাংলাদেশের তাপমাত্রা গতবছর ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে জলবায়ু বিশেষজ্ঞরা ধারণা করছেন ২০৫০ সালের মধ্যে দেশের উপকুলীয় অঞ্চলের ১৭% তলিয়ে যাবে, এতে ১০ থেকে ১৫ লক্ষ মানুষ বাস্তু হারা ও কর্ম হারা হবে। দিন দিন হিট স্ট্রোকের পরিমাণ বেড়ে যাচ্ছে। জনজীবন বিষিয়ে উঠছে তাই সরকারের উচিত আশু পদক্ষেপ গ্রহণ করা৷ কার্বন এমিশনের পরিমাণ কমিয়ে আনতে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করতে হবে৷
র্যালী শেষে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়।
আয়োজনে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি আবু তাহের এবং মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ৷