ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (১ মার্চ) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোক ও উদ্বেগ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।’
বিরোধীদলীয় নেতা তার বার্তায় মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, এই পরিস্থিতি ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।
তিনি সতর্ক করে বলেন, ‘এই পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা শুধু একটি দেশের নয়—পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।’
পবিত্র রমজান মাসে এমন হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরণের ঘটনা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে।
তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান।
আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।’
কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই সংকটের স্থায়ী সমাধান খোঁজার তাগিদ দেন তিনি।