দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতারা হলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশী। তাদের বিরুদ্ধে আনীত দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বোয়ালমারী উপজেলা বিএনপির সকল পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই বহিষ্কারাদেশ ৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। একই সঙ্গে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক শক্তি সুসংহত রাখার স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।