রংপুর অফিস, বদরগঞ্জ সংবাদদাতা : রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, মাদক ও সন্ত্রাস মুক্ত সুন্দর সমাজ গঠনে সাংবাদিকদের বড় ভুমিকা রয়েছে।
এটিএম আজহারুল ইসলাম এমপি গতকাল শুক্রবার বিকেলে বদরগঞ্জ পৌর শহরের বালুয়াভাটা এলাকায় ুিনজ বাসভবনে জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
তিনি বলেন, মহান রাববুল আল আমীন সিয়াম সাধনের মাধ্যমে তাকওয়া এবং ধৈর্যের প্রশিক্ষণের জন্য পবিত্র রমযান মাস দিয়েছেন। এ মাসে সমাজের সকল মানুষের ঈদের খুশির শরিক ও কল্যাণ করার জন্য যাকাত ভিত্তিক অর্থনীতির প্রচলন করেছেন এই মাসে। এর মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য ও ভীতি সৃষ্টি করে তাকওয়া অর্জন করতে তাগিদ দেয়া হয়। সমাজে জুলুম, ব্যভিচার, অন্যায় অত্যাচার থেকে নিজেদের বিরত রাখার প্রশিক্ষণ দেয়া হয় এই মাসেই।
ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, পৌর আমীর মাওলানা মাহফুজুর রহমান, পৌর সেক্রটারি উপাধ্যক্ষ মাসউদ হাসান রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
এটিএম আজহারুল ইসলাম এমপি সাংবাদিকদের বলেন, আসুন আমরা সবাই মিলে রমযানের শিক্ষা নিয়ে সমাজের সকল অন্যায় অনাচার থেকে নিজেদের বিরত রাখি, সমাজে শান্তি প্রতিষ্ঠা করি। তিনি বলেন আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে যারা ভোট দিয়েছেন, বা দেন নাই আমি এখন সবার এমপি। এলাকার যে কোন মানুষের কল্যাণে বৈধ কাজে আমি পাশে থাকবো ইনশাআল্লাহ। এলাকায় কেউ চাঁদাবাজি বা অন্যায় করলে তাঁদের বিরুদ্ধে সাংবাদিকদের সামাজিক আন্দোলন গড়ে তুলে আইনের কাছে সোর্পাদ করার আহ্বান জানান তিনি।