মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সরকারি দল বিএনপি। বৃহস্পতিবার ভোর ৬টার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। এ সময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য মোনাজাত ও দোয়া করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছে সরকার।

তিনি বলেন এবার আমরা সবাই নতুন এক বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করব।’ বিএনপির মহাসচিব বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এবং দীর্ঘ ৯ মাস সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি।’ বিএনপির প্রয়াত চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, ‘আজ একটি ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদ্যাপন করতে পারছি। আমরা সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিস্টমুক্ত পরিবেশে দিনটি উদ্যাপন করতে যাচ্ছি। আমাদের একটাই দুঃখ, এই দিনে আমাদের স্বাধীনতার আরেক সংগ্রামী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই।