পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে জামায়াতের এক সাধারণ সভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১ মে) বিকেলে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে স্থানীয় ফরিদপুর লিচু বাগানে এ সভার আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সভার শেষ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে খাবার পরিবেশনের সময় হঠাৎ একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে এসে হামলা চালায়। এতে সভাস্থলে থাকা চেয়ার-টেবিল ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে হামলাকারীদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে এলাকায় তাৎক্ষণিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম রব্বানী খান জুবায়ের অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা ইসারত ও বক্কার সিদ্দিকের নেতৃত্বে এ হামলা ও ভাঙচুর চালানো হয়। তবে এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জানতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঈশ্বরদী সার্কেলের দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. অধ্যাপক নুরুজ্জামান এবং সেক্রেটারি সাইদুল ইসলাম। এক বিবৃতিতে তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।