বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আজ ৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পৃষ্ঠার ডান কলামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের প্রকাশিত একটি বক্তব্য আমাদের নজরে এসেছে। গতকাল ২ ফেব্রুয়ারী চট্রগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী গণসমাবেশে ডা. শফিকুর রহমানের প্রকাশিত বক্তব্যে বলা হয় ‘জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক কর্ণেল অলি।’ প্রকৃতপক্ষে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, ‘চট্টগ্রাম বাংলাদেশের সংগ্রামী ইতিহাস আর প্রতিবাদের রাজধানী। বাংলাদেশে একাত্তরের স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন, ‘উই রিভল্ট’। তিনি হচ্ছেন এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।’
তিনি আরও বলেন, আমরা মনে করি উক্ত সংবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্যকে বিকৃত ও ভূলভাবে উপস্থাপন করা হয়েছে। এ কারণে জনমনে সংশয় ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, শিরোনামে উদ্ধৃত বক্তব্যটি আমীরে জামায়াতের পূর্ণাঙ্গ ও প্রকৃত বক্তব্যকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। এ ধরনের বিকৃত উপস্থাপনা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি পরিপন্থী।
অতএব, পাঠকের স্বার্থ রক্ষা ও সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের প্রকৃত বক্তব্য একই কলামে যথাযথ স্থানে গুরুত্বের সাথে প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”