বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন তৃণমূলভিত্তিক শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হলে দায়িত্বশীলদের আত্মগঠন ও নৈতিক নেতৃত্বের চর্চায় আরও মনোযোগী হতে হবে। কারণ একটি সংগঠনের প্রকৃত শক্তি নির্ভর করে তৃণমূলের উপর। তৃণমূল যদি আদর্শিকভাবে দৃঢ়, সাংগঠনিকভাবে সুসংগঠিত ও নৈতিকভাবে বলিষ্ঠ হয়, তবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

গতকাল শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রুকন শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন। ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মো: মহিব্বুল্লাহ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগরী উত্তরের প্রধান উপদেষ্টা সেলিম উদ্দিন, উপদেষ্টা ড. রেজাউল করিম, ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মো. ইকবাল, আন-নাহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

তিনি আরও বলেন, নেতৃত্ব মানে কেবল পদ-পদবি অর্জন নয়; প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে দায়িত্ববোধ, ত্যাগ, সততা ও নিরলস কর্মপ্রচেষ্টার মাধ্যমে। দায়িত্বশীলদের ব্যক্তিগত উন্নয়ন, রাজনৈতিক সচেতনতা এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করে নিজেদের যোগ্য করে তুলতে হবে।

তিনি বলেন, আত্মগঠন ছাড়া নেতৃত্ব কখনোই টেকসই ও ফলপ্রসূ হতে পারে না। তাই পবিত্র রমজানের শিক্ষাÑআত্মসংযম, ত্যাগ, ধৈর্য ও আত্মশুদ্ধির যে অনন্য দৃষ্টান্তÑতা দায়িত্বশীলদের জীবনে প্রতিফলিত হওয়া প্রয়োজন। দায়িত্বশীলরা যদি সততা, জবাবদিহিতা ও মানবিকতার চর্চার মাধ্যমে নিজেদের শুদ্ধ ও পরিশীলিত করতে পারেন, তবে সংগঠন যেমন আরও সুসংগঠিত ও কার্যকর হবে, তেমনি সমাজেও ইতিবাচক ও স্থায়ী পরিবর্তন সাধিত হবে।

আ ন ম শামসুল ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে সংগঠনকে গতিশীল রাখতে তৃণমূলের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, ট্রেড ইউনিয়ন কার্যক্রমে গতিশীলতা আনতে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা আয়োজন অত্যন্ত জরুরি; এতে পারস্পরিক আস্থা বৃদ্ধি পাবে এবং সংগঠন আরও কার্যকর ও জনমুখী হয়ে উঠবে। তিনি দায়িত্বশীলদের আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে, কারণ তৃণমূলকে শক্তিশালী করতে সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।