গাজীপুর মহানগরীর টঙ্গীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে সুসংগঠিত করা, কর্মীদের আদর্শিক ও নৈতিক মানোন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নের লক্ষ্যেই ৫১ নম্বর ওয়ার্ড জামায়াত এ ব্যতিক্রমধর্মী আয়োজন করে।
স্থানীয় গাজীপুরার একটি মিলনায়তনে আয়োজিত এ শিক্ষা শিবিরের কার্যক্রম পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন ৫১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মাহমুদ। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারী কর্মীদের জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক সেশন, প্রশিক্ষণ ও অনুশীলনমূলক কার্যক্রম পরিচালিত হয়, যা তাদের চিন্তাশক্তি, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।
শিক্ষা শিবিরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দীন আইউবী। তিনি বলেন, কুরআন ও সুন্নাহর শিক্ষা শুধু ব্যক্তিজীবনে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং তা সমাজজীবনে প্রতিফলিত করতে হবে। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে প্রতিটি কর্মীকে আত্মশুদ্ধি, ধৈর্য ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। একইসাথে তিনি তরুণদের মাঝে আদর্শিক চেতনা জাগ্রত করে দেশ গঠনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শিবিরে দাওয়াতে দ্বীনের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান। অন্যদিকে সাহাবায়ে কেরামের জীবনাদর্শ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে দারসুল কুরআন, কুইজ প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, ইনডোর ও আউটডোর গেম, ওয়ার্কশপ এবং ব্যক্তিগত রিপোর্ট উপস্থাপন বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। এসব কার্যক্রমের মাধ্যমে কর্মীদের মাঝে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ সৃষ্টি হয়।
সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এই ধরনের শিক্ষা শিবির কর্মীদের মাঝে দায়িত্ববোধ ও আত্মিক উন্নয়ন ঘটিয়ে সংগঠনকে আরও গতিশীল করে তুলবে। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।