চট্টগ্রামের সাতকানিয়ায় মাস্টার ইসহাক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন সাতকানিয়া–লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি। গতকাল শুক্রবার বিকেলে হাসমত আলী শিকদারের দোকান এলাকায় ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সদস্য জুলফিকার আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহজাহান চৌধুরী বলেন, সমাজে অনেক মানুষ আছেন যারা নীরবে কষ্ট করে জীবনযাপন করেন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সামর্থ্যবানদের এগিয়ে আসা প্রয়োজন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো যদি এভাবে মানবকল্যাণে এগিয়ে আসে, তবে অসহায় মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব হবে। মাস্টার ইসহাক ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয় এবং অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ইনচার্জ মাহফুজুর রহমান এবং সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক রফিক উদ্দিন, প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, প্রবীণ আলেম মাওলানা রহমত উল্লাহ, ছদাহা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নেজাম উদ্দিন, সেক্রেটারি মাওলানা নূর মোহাম্মদ, ইউপি সদস্য মোহাম্মদ আইয়ুব, ইউপি সদস্য মজিবুর রহমান, তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।