আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

রহনপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা সইবুর রহমান। পরে স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক ইয়াহিয়া খালেদ।

ইশতেহার ঘোষণাকালে ডক্টর মিজানুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার, সুশাসন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি দাবি করেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, সাবেক গোমস্তাপুর উপজেলা আমির মাওলানা শাহ আলম, জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মারিফুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মহায়মিন, নাচোল উপজেলা আমির ইয়াকুব আলী, সাবেক নাচোল উপজেলা চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলামসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জনসমর্থন ও সহযোগিতা কামনা করেন।